পয়লা বৈশাখে যৌন নিপীড়ন মামলার প্রতিবেদন প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে যৌন নিপীড়ন মামলার প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে প্রগতিশীল ছাত্র জোট। এ ধরনের প্রতিবেদন দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তারা।
গতকাল মঙ্গলবার প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং ছাত্র ঐক্য ফোরাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের ১৪ এপ্রিল পয়লা বৈশাখে যৌন নির্যাতনের ঘটনায় প্রগতিশীল সংগঠনগুলো তীব্র আন্দোলন গড়ে তোলে। পুলিশপ্রধান ছবি দেখে অপরাধীদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। কিন্তু পুলিশ কাউকে ধরতে পারেনি। কোনো অপরাধীও শনাক্ত হয়নি।
নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, ছবি প্রকাশের পরও অপরাধীদের চিহ্নিত করতে না পেরে প্রতিবেদন প্রকাশ করার মাধ্যমে বিচারের নামে প্রহসন করা হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে যৌন নিপীড়নকে আরও একবার সামাজিকভাবে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে। যৌন নিপীড়নের সুষ্ঠু বিচার এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিধিমালা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত নেতারা তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।
প্রহসনমূলক প্রতিবেদনের বিরুদ্ধে আগামী ৭ জানুয়ারি প্রগতিশীল ছাত্র জোটের উদ্যোগে প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ করা হবে বলে জানানো হয়েছে।