পয়লা বৈশাখে রোগীরা খাবেন পান্তা-ইলিশ
পয়লা বৈশাখে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পান্তাভাত ও ইলিশ মাছ খাওয়ানো হবে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহকারী ঠিকাদারকে গত সোমবার চিঠি দিয়েছেন।ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন বাংলা নববর্ষ ১৪২০ উদ্যাপন উপলক্ষে ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের ঐতিহ্যবাহী বাঙালি খাবার সরবরাহের জন্য অনুরোধ করা হলো। ওই দিনের খাবারের তালিকায় সকাল নয়টায় নাশতার পর পান্তাভাত ও ইলিশ মাছ এবং দুপুরে ইলিশ মাছ, ডাল, আলু ভর্তা ও বেগুন ভর্তা রাখা হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এত দিন বছরের বিশেষ দিনে (ঈদুল ফিতর, ঈদুল আজহা, ষোলোই ডিসেম্বর ও ছাব্বিশে মার্চ) রোগীদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। এবারই প্রথম বাংলা নববর্ষ উপলক্ষে রোগীদের বাঙালি খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ঠিকাদারের প্রতিনিধি ওমপ্রকাশ আগরওয়ালা জানান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে পয়লা বৈশাখে ঐতিহ্যবাহী বাঙালি খাবার সরবরাহ করা হবে। পয়লা বৈশাখে আগে কখনো তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে বাঙালি খাবার সরবরাহ করেননি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার দাস জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পয়লা বৈশাখে স্বাস্থ্য কমপ্লেক্সে বাঙালি খাবার পরিবেশন করা হবে। ঠিকাদারকে ওই দিন রোগীদের জন্য পান্তাভাত ও ইলিশ মাছ সরবরাহ করার জন্য চিঠি দেওয়া হয়েছে।উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা বলেন, পয়লা বৈশাখে রোগীদের পান্তাভাত ও ইলিশ মাছ খাওয়ানোর সিদ্ধান্ত একটি বিরল ঘটনা।