পয়লা বৈশাখের উৎসবকে হারাম বলল ওলামা লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সর্বজনীন উৎসব পয়লা বৈশাখকে ‘অনৈসলামিক ও হারাম’ বলল আওয়ামী ওলামা লীগের একাংশ। সংগঠনটির দাবি, ‘পয়লা বৈশাখের নামে চারুকলার গাঁজাখোর এবং করপোরেট মিডিয়া ও পুঁজিবাদী বেনিয়া গোষ্ঠী বাণিজ্য করছে। ওদের শোষণ থেকে জনগণকে বাঁচাতে হবে। পান্তা-ইলিশ বন্ধ করে জাতীয় মাছ ইলিশ রক্ষা করতে হবে।’
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী ওলামা লীগ ও সমমনা ১৩ সংগঠনের মানববন্ধন কর্মসূচিতে ওলামা লীগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ওলামা লীগের এমন রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘অনেকে অনেক কথা বলতে পারে। এটা আওয়ামী লীগের কথা না। সব ধর্মের মানুষ এই উৎসব পালন করে। পয়লা বৈশাখ শুধু ছুটির দিন না, প্রথমবারের মতো পয়লা বৈশাখে সরকার উৎসব ভাতা দিয়েছে। এটাই শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের নীতি।’
কিন্তু ওলামা লীগের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি চাকরিজীবীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত পয়লা বৈশাখের উৎসব ভাতা নিয়ে প্রশ্ন তোলা হয়। বলা হয়, ইসলামে নববর্ষ পালন জায়েজ না।
অনুষ্ঠানে ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক কাজী মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।