পয়লা বৈশাখের মিষ্টি তৈরি হচ্ছে এক মাস ধরে!
নারায়ণগঞ্জের বিভিন্ন মিষ্টির দোকানের কারখানায় এক মাস ধরে চলছে মিষ্টি তৈরির ধুম। এসব মিষ্টি সংরক্ষণ করে রাখা হচ্ছে হিমাগারে (কোল্ড স্টোরেজ)। লক্ষ্য, পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের এ দিনটিতে মিষ্টির চাহিদা বেড়ে যাবে কয়েকগুণ।তবে মাটির পাত্রে নয়, এসব মিষ্টি রাখা হচ্ছে প্লাস্টিকের ড্রামে, যে ড্রামগুলো একসময় ছিল রাসায়নিকের আধার। বিশেষজ্ঞরা বলছেন, চিনির রসে ভিজিয়ে মাটির পাত্রে মিষ্টি সংরক্ষণ করলে খাদ্যমান তেমন নষ্ট হয় না। তবে বিষাক্ত রাসায়নিকের খালি ড্রামে রাখা মিষ্টি অত্যন্ত ক্ষতিকর। এমনকি তা হুমকি হয়ে উঠতে পারে মানবদেহের লিভার ও কিডনির জন্যও।ব্যবসা-বাণিজ্যের জন্য সেই ব্রিটিশ আমল থেকেই প্রসিদ্ধ নারায়ণগঞ্জের সর্বত্র পয়লা বৈশাখ উদ্যাপিত হয় ব্যাপক ধুমধামের সঙ্গে। মুসলিম ও হিন্দু উভয় সমপ্রদায়ের ছোট-বড় ব্যবসায়ীরা হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের পুরোনো গ্রাহক ও শুভানুধায়ীদের মিষ্টিমুখ করিয়ে থাকেন। এ ছাড়া নববর্ষের দিনে মুসলিম ব্যবসায়ীরা মিলাদ এবং হিন্দু ব্যবসায়ীরা পূজা-অর্চনা অনুষ্ঠান করে থাকেন। সেখানেও মিষ্টির ব্যাপক কদর। ব্যাপক এ চাহিদা তাৎক্ষণিকভাবে মেটানো সম্ভব না হওয়ায় মিষ্টি ব্যবসায়ীরা নববর্ষ সামনে রেখে আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন। এক মাসের বেশি সময় ধরে তৈরি মিষ্টি তাঁরা মজুদ করে রাখেন। নারায়ণগঞ্জের বড় ও প্রসিদ্ধ কয়েকটি মিষ্টির দোকানের নাম প্রকাশে অনিচ্ছুক মিষ্টি তৈরির কারিগরের সঙ্গে কথা বলে জানা গেছে এ তথ্য। তাঁরা জানান, প্রতিদিন মিষ্টি বানিয়ে তা প্লাস্টিকের ড্রামে ভরে রাখা হচ্ছে ফতুল্লার ধর্মগঞ্জে অবস্থিত শাহীন কোল্ড স্টোরেজ, আক্কাস কোল্ড স্টোরেজ ও মা কোল্ড স্টোরেজে। নারায়ণগঞ্জ শহর, পাশের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের প্রায় সব কটি মিষ্টির দোকানের মিষ্টিই এ তিনটি হিমাগারে রাখা হয়। প্লাস্টিকের ড্রামের উৎস খুঁজতে গিয়ে পাওয়া যায় বিভিন্ন তথ্য। খোঁজ নিয়ে জানা গেছে, মিষ্টি সংরক্ষণে ব্যবহূত ওই ড্রামগুলো সংগ্রহ করা হয় শহরের পুরোনো বাণিজ্যিক এলাকা টানবাজার ও নিতাইগঞ্জ থেকে। ওই ড্রামগুলো সেখানে আসে নারায়ণগঞ্জের বিভিন্ন ডাইং কারখানা থেকে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সমিতির সভাপতি অধ্যাপক আ ব ম ফারুক বলেন, চিনির রসে ভেজানো মিষ্টি হিমাগারে রাখলে খাদ্যমান তেমন নষ্ট হয় না। কিন্তু শুকনো মিষ্টি দীর্ঘ দিন হিমাগারে থাকলে খাদ্যমান কমে যায়। কী ধরনের তাপমাত্রায় হিমাগারে মিষ্টি সংরক্ষণ করা হয়, তার ওপরই মান অটুট থাকা নির্ভর করে। ফারুক আরও বলেন, যতই সাবান-পানি দিয়ে ধোয়া হোক না কেন, মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ দীর্ঘ দিন এসব ড্রামে ছিল। ড্রামের প্লাস্টিক থেকে চুইয়ে এসব রাসায়নিক মিষ্টির সঙ্গে মেশার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যের জন্য তা ক্ষতিকর। এসব মিষ্টি অল্প খেলে হয়তো ক্ষতি বোঝা যাবে না। কিন্তু বেশি খেলে তা লিভার ও কিডনির জন্য ক্ষতিকর। মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে মাটির হাঁড়ি, মটকায় মিষ্টি ভরে তা হিমাগারে সংরক্ষণ করার জন্য তিনি ব্যবসায়ীদের পরামর্শ দেন। নারায়ণগঞ্জ হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মনিরুজ্জামান দাবি করেন, মিষ্টি ব্যবসায়ীরা ড্রামগুলো যথাযথভাবে ধুয়ে পরিষ্কার করেই হিমাগারে মিষ্টি রাখছেন। হিমাগারে যথাযথ তাপমাত্রায় মিষ্টি সংরক্ষণ করা হয়, যাতে এর খাদ্যমান নষ্ট না হয়। এভাবে মিষ্টি তিন মাস থাকলেও কোনো ক্ষতি হয় না বলে তিনি দাবি করেন।বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ বলেন, রাসায়নিকের খালি প্লাস্টিকের ড্রামে ভরে মিষ্টি হিমাগারে সংরক্ষণ করা হলে তা স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।