টানা হরতালে বুটিক ও ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর পয়লা বৈশাখের ব্যবসা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। নববর্ষ উপলক্ষে সংগ্রহ করা ৮০ শতাংশ পণ্যই তাদের অবিক্রীত রয়ে গেছে বলে দাবি করছেন বুটিক ও বিপণিকেন্দ্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এপ্রিল মাসে সাত দিন হরতাল হয়েছে। এর মধ্যে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা হরতাল ছিল। এ সময় দোকানপাট ও বিভিন্ন বিপণিকেন্দ্র বন্ধ ছিল। এতে করে সমস্যায় পড়েছে চট্টগ্রামের বুটিক প্রতিষ্ঠান ও ক্রেতারা। চট্টগ্রামে ছোট-বড় শতাধিক বুটিক হাউস রয়েছে।পয়লা বৈশাখ সামনে রেখে এবারও অন্যান্য বারের মতো প্রস্তুতি নিয়েছিল বুটিক প্রতিষ্ঠানগুলো। কিন্তু হরতালের কারণে তারা দোকানই খুলতে পারেনি ঠিকমতো।শীর্ষস্থানীয় বুটিক হাউস ‘শৈল্পিক’-এর স্বত্বাধিকারী এইচ এম ইলিয়াস বলেন, ‘আমরা তিন মাস আগে থেকে পয়লা বৈশাখের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু হরতালের কারণে দোকানই খুলতে পারিনি। আমরা একটা আর্থিক ঝুঁকির মধ্যে পড়ে গেলাম। ঈদের পর এই নববর্ষে আমাদের বেশি বেচাকেনা হয়। এখন পর্যন্ত মাত্র ২০ শতাংশ পণ্য বিক্রি হয়েছে।’ চট্টগ্রামে ১১টিসহ সারা দেশে শৈল্পিকের ১৮টি বিক্রয়কেন্দ্র রয়েছে।চট্টগ্রামের আফমি প্লাজায় রয়েছে ১০টি বুটিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে উঠেছে দেশী দশ। প্রতিবছর নববর্ষের সপ্তাহ খানেক আগে থেকে এখানে ক্রেতাদের ভিড় জমে নতুন পোশাকের জন্য। কিন্তু এবার হরতালের কারণে দোকানগুলো বেশির ভাগ সময় বন্ধ ছিল। দেশী দশের ব্যবস্থাপক টিটু বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের চার ভাগের তিন ভাগ কাপড় এখনো অবিক্রীত রয়ে গেছে। আগামী দুই দিনে হয়তো কিছু বিক্রি হবে। কিন্তু অন্যান্যবারের মতো এবার আর হলো না। হরতালে হরতালে পুরো সপ্তাহ চলে গেল।’নগরের বিপণিবিতান, আফমি প্লাজা, মিমি সুপার মার্কেটসহ বিভিন্ন স্থানের বুটিক প্রতিষ্ঠান ও ফ্যাশন হাউসগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, পয়লা বৈশাখ উপলক্ষে এখনো তাদের ৭০ থেকে ৮০ শতাংশ পণ্য অবিক্রীত। ষোলশহর বিমান অফিসসংলগ্ন আরেকটি বড় পোশাক বিপণন প্রতিষ্ঠন আড়ংও হরতালের কারণে অন্যান্য বারের চেয়ে বেচাকেনায় পিছিয়ে রয়েছে। হরতালে সকাল ১০টা থেকে খোলা রাখলেও ক্রেতারা সেভাবে যাচ্ছেন না বলে জানা গেছে। আড়ংয়ের ব্যবস্থাপক শ্রীকান্ত বিশ্বাস বলেন, ‘হরতালের কারণে এবার ব্যবসা তেমন ভালো না। আমরা খোলা রাখলেও ক্রেতারা তেমন আসেন না। কারণ, রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁরা আতঙ্কগ্রস্ত।’