পয়লা মে অনুমতি পায়নি, বিকল্প ২ অথবা ৩ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অনুমতি না থাকায় মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করতে পারছে না বিএনপি। এ কারণে বিকল্প হিসেবে ২ অথবা ৩ মে দলটি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতি চেয়েছে।

সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার বারডেম হাসপাতালে বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ১ মে সমাবেশের অনুমতি পাওয়া যায়নি। তাই ২ অথবা ৩ মে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছে। তাঁর আশা সরকার সহযোগিতা করবে। তিনি বলেন, বিএনপি কোনো দ্বন্দ্বে যেতে চায় না।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে ১ মে কোনো অনুমতি দেওয়া হবে না। ওই দিনটি শ্রমিকদের জন্য থাকবে।

বারডেমে মির্জা ফখরুল সাংবাদিকদের আরও বলেন, দেশের একটি বৃহত্তর অঞ্চলে বন্যার মতো দুর্যোগের সময় হাওরের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশের বাইরে থাকা প্রমাণ করে দেশে এখন সরকার বলে কিছু নেই। তিনি বলেন, বন্যাদুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর আরও আগেই যাওয়া উচিত ছিল।

ত্রাণ বিতরণে বাধা দেওয়ার অভিযোগ

দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, হাওর এলাকায় সাহায্য করতে এগিয়ে আসা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে ত্রাণ তৎপরতা চালাতে বাধা দিচ্ছে সরকার। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান।

রিজভী অভিযোগ করেন, বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণের জন্য শুক্রবার সুনামগঞ্জে যাওয়ার কথা ছিল। গতকাল প্রধানমন্ত্রীর সফরের অজুহাত তুলে স্থানীয় প্রশাসন বিএনপির ত্রাণ প্রতিনিধিদলের সফর ‘বানচাল’ করে দেয়।

রিজভী দাবি করেন, ‘যাদের সমর্থনে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, তারা যাতে বিরূপ না হয় সে জন্য পানিতে ইউরেনিয়াম বর্জ্যের কারণে বিষক্রিয়ার বিষয় নিয়েও ক্ষমতাসীনেরা জনগণের সামনে স্পষ্ট কিছুই তুলে ধরছে না।’