পয়লা রমজান থেকে ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা রমজান থেকে সাতটি বিভাগীয় শহর ও আশপাশের জেলাসহ ঢাকার শ্রমঘন এলাকায় খোলাবাজারে ন্যায্যমূল্যে চাল (ওএমএস) বিক্রি শুরু হবে। প্রতি কেজি চাল বিক্রি হবে ২৪ টাকায়। একজন সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবে। আর আটা কিনতে পারবে ২০ টাকা কেজিতে।গতকাল বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের এ-সম্পর্কিত প্রস্তাব খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক অনুমোদন করেছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন খাদ্যসচিব বরুণ দেব মিত্র। সচিবালয়ে খাদ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত আলোচনা শেষে মন্ত্রী এ অনুমোদন দেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব আসলাম আলম এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান উপস্থিত ছিলেন।খাদ্যসচিব জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহর; নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর জেলা এবং সাভার উপজেলায় ওএমএসের চাল বিক্রি হবে। এ ছাড়া ঢাকা মহানগর এলাকাবহির্ভূত শিল্প এলাকা বলে পরিচিত ১৭টি ইউনিয়নেও ওএমএস চালু করা হবে। আগের নির্ধারিত পরিবেশকের মাধ্যমে এই চাল সরবরাহ করা হবে। তবে ৪২টি জেলায় আগে থেকে চালু ন্যায্যমূল্যে আটা বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে।খাদ্যমন্ত্রী প্রথম আলোকে জানান, আপাতত সীমিতভাবে ওএমএস চালু করা হলেও প্রয়োজনে তা সারা দেশে বিস্তৃত করা যাবে। খাদ্যের মজুদ পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, রমজান মাসে খাদ্য নিয়ে সাধারণ মানুষকে কেউ যাতে কষ্টে ফেলতে না পারে, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।খাদ্যমন্ত্রী জানান, রমজান উপলক্ষে ৬০ হাজার মেট্রিক টন চাল ভিজিএফ কর্মসূচির আওতায় দেওয়া হবে। অসহায়, দুস্থ, বিধবা বা কর্মহীন মানুষ এই চাল পাবেন।