পয়োনালায় পড়ে শিশু নিখোঁজ?
মিরপুর কমার্স কলেজের পেছনের পয়োনিষ্কাশন নালায় গতকাল বৃহস্পতিবার বিকেলে জুনায়েদ হোসেন ওরফে সাব্বির নামে পাঁচ বছরের একটি শিশু পড়ে গেছে। খবর পেয়ে ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করলেও রাত পৌনে একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার খোঁজ মেলেনি।
নিখোঁজ জুনায়েদ মা-বাবার সঙ্গে মিরপুর কমার্স কলেজের পেছনে রূপালী হাউজিং-সংলগ্ন বস্তিতে থাকত। চার ফুটের মতো প্রস্থের খোলা এই নালাটি সাভারের তুরাগ নদের সঙ্গে মিলেছে। বিকেল সাড়ে তিনটার দিকে এই নালায় পড়ে যায় জুনায়েদ। তার বাবা আমির হোসেন কাভার্ড ভ্যানের চালক।
এর আগে ১৩ জুলাই রাতে মহাখালীর দক্ষিণ পাড়ায় একটি পয়োনিষ্কাশন নালায় পড়ে যায় পাঁচ বছরের শিশু সানজিদা আক্তার। পরদিন নালাটি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে বস্তিঘর থেকে জুনায়েদ নিখোঁজ হওয়ার পর তার মা-বাবা সন্দেহ করেন, তাদের সন্তান এই খোলা পয়োনালায় পড়ে গেছে। নালায় পড়ে গেছে তা কেউ দেখেনি। এই সন্দেহের ওপর ভিত্তি করে শিশুটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করেন। আশপাশে অবস্থান নেন উদ্বিগ্ন মা-বাবা ও এলাকাবাসী।
রাত পৌনে একটায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত পরিদর্শক মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।