পয়োনালায় শিশু, সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর একটি পয়োনিষ্কাশন নালার পানিতে পড়ে গেছে ছয় বছরের এক শিশু। গতকাল বুধবার দুপুরে আরেক শিশুর সঙ্গে খেলতে গিয়ে সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সানজিদা আক্তার পরিবারের সঙ্গে মহাখালীর দক্ষিণ পাড়ার ৭৩/১২ নম্বর বাসায় থাকে। এই বাসা ঘেঁষে আরজতপাড়া থেকে নিকেতন পর্যন্ত গেছে প্রায় চার কিলোমিটার দীর্ঘ একটি পয়োনিষ্কাশন নালা। নালাটি প্রস্থে অন্তত ১০ ফুট। এই নালাতেই বেলা দেড়টার দিকে পড়ে যায় সানজিদা।
সানজিদার বাবা শাহ আলম বলেন, দুপুরে তামিম নামে এক শিশুর সঙ্গে খেলছিল সানজিদা। খেলতে গিয়ে হঠাৎ সে পানিতে পড়ে যায়। পরে তামিমের মাধ্যমেই অন্যরা খবর পায়। এরপর নালায় নেমে খোঁজাখুঁজি শুরু হয়।
সানজিদার বড় ভাই রুবেল হোসেন বলেন, বাসা থেকে দৌড়ে নালায় গিয়ে বোনের স্যান্ডেল ভাসতে দেখে সে পানিতে ডুব দিয়ে সানজিদাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয় ব্যক্তিরাও তাঁর সঙ্গে যোগ দেন। প্রায় এক ঘণ্টার চেষ্টাতেও সানজিদাকে না পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। বেলা তিনটা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন ও তাহমুদার রহমান বলেন, পয়োনিষ্কাশন নালাটির মহাখালী বাসস্ট্যান্ডের পেছন থেকে নিকেতন পর্যন্ত অংশে কোনো ঢাকনা নেই। নালাটিতে ঢাকনা থাকলে এ দুর্ঘটনা ঘটত না। ২০১২ সালের শেষ দিকে যখন পয়োনিষ্কাশনের উদ্দেশ্যে নালাটি তৈরি হয় তখন বলা হয়েছিল, ঢাকনা দেওয়া হবে। কিন্তু আজও তা হয়নি। তাঁরা বলেন, নালার পানিতে পড়ার ঘটনা এই প্রথম নয়। দেড় বছরে অন্তত পাঁচজন এই নালায় পড়েছে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করা সম্ভব হওয়ায় তারা প্রাণে বেঁচেছে। তাঁরা বলেন, ঢাকনার জন্য স্থানীয় ব্যক্তিরা লিখিতভাবে একাধিকবার ওয়াসার কাছে দাবি জানিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। একটু ভারী বৃষ্টি হলেই নালার পানি উপচে পড়ে বলে তাঁরা জানান।
ঘটনাস্থল থেকে রাত সোয়া ১১টায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুজ্জামান শেখ বলেন, বেলা তিনটা থেকে সদর দপ্তর ও তেজগাঁও থেকে আসা দুটি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করে। যেখানে সানজিদা ডুবে গিয়েছিল, সেখান থেকে নিকেতনের দিকে প্রায় দেড় শ ফুট এলাকায় তিনজন ডুবুরি তল্লাশি চালিয়েছেন, কিন্তু সানজিদার খোঁজ মেলেনি। তিনি বলেন, আবর্জনা ও স্রোতের কারণে উদ্ধার কর্মকাণ্ডে সমস্যা হচ্ছে। তাই আপাতত উদ্ধার অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হবে বলে তিনি জানান।
ভ্যানচালক শাহ আলম ও রুবি আক্তার দম্পতির চার ছেলেমেয়ের মধ্যে সানজিদা সবার ছোট। রাতে এই দম্পতির বাসায় গিয়ে দেখা গেছে, মেয়েকে ফিরে না পেয়ে বিলাপ করছেন মা রুবি আক্তার। গণমাধ্যমকর্মীরা তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ‘আমার মাইয়ারে আইনা দাও। ও কই গেল।’