চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়েছে। শৌচাগারের দুর্গন্ধে রোগীরা অতিষ্ঠ হয়ে উঠেছে।
হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের অবস্থা সবচেয়ে খারাপ। পৌর এলাকার শিবতলা মহল্লার প্রসূতি নাজমা বেগম ও তাঁর শাশুড়ি বিজলী বেগম, শিবগঞ্জের আটরশিয়া গ্রামের রাসেল আলীর স্ত্রী প্রসূতি সাথী বেগম ও তাঁর শাশুড়ি নুরুন নাহার খাতুন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এখানকার কোনো শৌচাগার ব্যবহারের উপযোগী নেই। পয়োনিষ্কাশন হচ্ছে না। দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসার জোগাড় হয়। এমনকি ওয়ার্ডে টেকা মুশকিল হয়ে পড়েছে।
নূরুন নাহার বলেন, ‘প্রসূতি বউমার সঙ্গে গত সোমবার থেকে এখানে আছি। শৌচাগারের অবস্থা এতই খারাপ যে আমি নিজেই অসুস্থবোধ করছি। কখন যে এখান থেকে মুক্তি পাব। এটা জেলখানার চেয়েও খারাপ।’
বিজলী বেগম বলেন, বাইরে থেকে পানি এনে শৌচাগারে ব্যবহার করতে হয়। প্রসূতি ও তাঁদের দেখভাল করার জন্য আসা পরিবারের লোকজনের দুর্গতির সীমা নেই।
এই ওয়ার্ডের ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ নার্স হোসনে আরা বেগম বলেন, যে কক্ষে সন্তান প্রসব করানো হয়, (লেবার রুম) সেখানকার শৌচাগারের অবস্থাও ভয়াবহ। হাত ধোয়ার জন্য বেসিনও নেই। তিনি আরও বলেন, তিন দফায় লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে এ দুরবস্থার কথা জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ নিয়ে প্রতিদিনই রোগীদের গালমন্দ শুনতে হয়।
তিনতলার মহিলা ওয়ার্ডের অবস্থাও প্রায় একই রকম। নিচতলার ডায়রিয়া ওয়ার্ডে প্রস্রাব-পায়খানার অবস্থা কিছুটা ভালো হলেও পানি সরবরাহ মাঝেমধ্যে বন্ধ হয়ে যায়। এ ছাড়া হাসপাতালের সরবরাহ লাইনের পানিতে অতিরিক্ত আয়রন থাকায় তা কোনো রোগীই পান করেন না। বাইরে থেকে পানি এনে পান করতে হয়।
এ কথা স্বীকার করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আয়শা জুলেখা বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলীকে প্রায় প্রতিদিন অনুরোধ করছি পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। পানির বিল পরিশোধ করতে না পারায় পৌর কর্তৃপক্ষ পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। হাসপাতালের নিজস্ব পানি সরবরাহ ব্যবস্থা খুবই নাজুক। এই অবস্থা চলছে তিন মাসেরও বেশি সময় ধরে।’
স্বাস্থ্য প্রকৌশল বিভাগের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী আবদুল কাদের বলেন, ‘হাসপাতালের সংস্কারকাজের জন্য জরুরি কোনো তহবিল না থাকায় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। গত জুন থেকে কোনো তহবিল নেই। তবে এই হাসপাতালের পয়োনিষ্কাশন ও পানি সরবরাহ ব্যবস্থা সংস্কারে সহায়তা দেওয়ার জন্য পাশেই ২৫০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারকে অনুরোধ করেছি।’