পয়োবর্জ্য নিষ্কাশনব্যবস্থা ৫০ বছরেও হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার ৫০ বছর পেরিয়ে গেলেও চট্টগ্রামে পয়োবর্জ্য নিষ্কাশনব্যবস্থা (সুয়ারেজ) গড়ে তুলতে পারেনি ওয়াসা। অথচ প্রতিষ্ঠানটির মূল দায়িত্বের অন্যতম এটি। ২০০৯ সালে পয়োবর্জ্য শোধনাগার তৈরির একটি প্রকল্প পাঠানো হয়েছিল, কিন্তু সেটিও আলোর মুখ দেখেনি।
নিষ্কাশনব্যবস্থা গড়ে না ওঠায় পাইপলাইনের বদলে খোলা নালা-নর্দমা ও খালের মাধ্যমে পয়োবর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নদীতে। এতে চট্টগ্রামের প্রধান দুটি নদী কর্ণফুলী ও হালদা ক্রমাগত দূষিত হচ্ছে।
নগর পরিকল্পনাবিদ জেরিনা হোসেন বলেন, ‘শুধু উঁচু ভবন তৈরি করলেই একটি নগরের উন্নয়ন সম্পন্ন হয় না। দেশের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে এত দিনেও পয়োনিষ্কাশন-ব্যবস্থা চালু হয়নি, এটি অকল্পনীয়।’
আরেক নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ বলেন, ‘চট্টগ্রামের প্রায় সব সেপটিক ট্যাংক নালা-নর্দমার সঙ্গে সংযুক্ত। সেখান থেকে পয়োবর্জ্য মিশ্রিত পানি খাল হয়ে প্রতিনিয়ত নদীতে গিয়ে পড়ছে। এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ঢাকা ওয়াসা সুয়ারেজ-ব্যবস্থা শুরু করলেও এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি।’
১৯৬৩ সালে চট্টগ্রাম ওয়াসা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির চারটি উদ্দেশ্যের একটি হচ্ছে সুয়ারেজ ব্যবস্থাপনা গড়ে তোলা ও তা তদারকি করা। চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই চট্টগ্রামে পয়োবর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা ছিল। সে উদ্দেশ্যে ১৯৬৪ সালে চট্টগ্রামের দক্ষিণ হালিশহর এলাকায় প্রায় ১৬৩ একর জমিও অধিগ্রহণ করা হয়। কিন্তু পরে আর এগোয়নি। উদ্যোগের অভাব ও নানা সীমাবদ্ধতায় বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি কাগজে-কলমেই রয়ে গেছে। এ ছাড়া পাঁচ বছর আগে পাঠানো ‘সুয়ারেজ ব্যবস্থা চালুকরণ’ শীর্ষক প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৮৯৪ কোটি ৬৬ লাখ টাকা। সেটিও মন্ত্রণালয়ে পড়ে আছে।
ওয়াসা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার দাতা সংস্থা কোয়েকা চট্টগ্রামের পয়োনিষ্কাষন বিষয়ে সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে একটি প্রাথমিক মাস্টার প্ল্যান তৈরি করে দেয় ২০০৮ সালে। ওই মাস্টার প্ল্যানে চার ধাপে চট্টগ্রামের ৬৬১ দশমিক ৭২ কিলোমিটার এলাকা সুয়ারেজের আওতায় আনার কথা বলা হয়েছে। সেটির ওপর ভিত্তি করে ২০০৯ সালে পয়োনিষ্কাষন চালুর বিষয়ে একটি প্রকল্প প্রস্তাব পাঠায় ওয়াসা। এতে ২২০ ঘনমিটার ধারণক্ষমতার একটি শোধনাগার ও ১১ দশমিক ৪ কিলোমিটার দৈর্ঘ্যের পাইপলাইন তৈরির কথা বলা আছে। প্রস্তাবটি পাঠানোর পর পরিকল্পনা মন্ত্রণালয় থেকে নীতিগতভাবে অনুমোদিত হয়। এরপর প্রকল্পটি বাস্তবায়নের জন্য দাতা সংস্থা খোঁজার জন্য প্রস্তাব পাঠানো হয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে ২০০৯ সালের ২ ডিসেম্বর। কিন্তু বিষয়টি এরপর আর এগোয়নি।
ওয়াসা এ বিষয়ে মন্ত্রণালয়ে বেশ কিছু চিঠি পাঠিয়েছে। ‘সুয়ারেজ ব্যবস্থা চালুকরণ’ প্রকল্পটি বাস্তবায়নের অনুরোধ জানিয়ে সর্বশেষ ২ ডিসেম্বর পাঠানো চিঠিতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ করেছেন, কর্ণফুলী ও হালদা নদীর দূষণ রোধ ও চট্টগ্রাম অঞ্চলের পরিবেশ রক্ষায় শহরে সুয়ারেজ প্রকল্প চালু করা একান্ত প্রয়োজন।
এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘দাতার অভাবে প্রকল্পটির কাজ শুরু করা যাচ্ছে না। সুয়ারেজ-ব্যবস্থা চালু করা খুবই ব্যয়বহুল। চট্টগ্রামে পূর্ণাঙ্গ সুয়ারেজ চালু করতে প্রায় ৩০ হাজার কোটি টাকা প্রয়োজন। প্রাথমিক একটি মহাপরিকল্পনা আমাদের আছে। এখন আমরা এ বিষয়ে বিস্তারিত মহাপরিকল্পনা (ডিটেইল মাস্টার প্ল্যান) তৈরির কাজে হাত দিয়েছি। বিশ্বব্যাংক এ কাজে সহায়তা করছে। পাশাপাশি দাতা সংস্থা খোঁজার কাজটিও চলছে।’