পয়োব্যবস্থা নিয়ে দক্ষিণ এশীয় সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো পয়োব্যবস্থা, ভালো জীবন—এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ষষ্ঠ দক্ষিণ এশিয়া পয়োনিষ্কাশন সম্মেলন। এতে দক্ষিণ এশিয়ার আটটি দেশের ৫০০ জন প্রতিনিধি অংশ নেবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ এই সম্মেলনের উদ্বোধন করবেন।
সম্মেলন উপলক্ষে গতকাল কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি খায়রুল ইসলাম। সংবাদ সম্মেলনটিতে দক্ষিণ এশিয়ার সব দেশের প্রতিনিধি থাকলেও পাকিস্তানের কেউ ছিলেন না।
দক্ষিণ এশিয়ার পয়োনিষ্কাশন নিয়ে সংবাদ সম্মেলনটি হলেও গণমাধ্যমকর্মীদের বেশির ভাগের প্রশ্ন ছিল সম্মেলনে পাকিস্তান থেকে কোনো প্রতিনিধি না আসার বিষয়টিকে ঘিরে। নেপাল থেকে আসা একজন সাংবাদিক নেপাল সীমান্তে ভারতের অবরোধের বিষয়টিকে তুলে ধরে তা নেপালের পয়োনিষ্কাশনের লক্ষ্যমাত্রা পূরণে সমস্যা তৈরি করছে কি না, সেই প্রশ্ন তোলেন। পাকিস্তান থেকে কোনো প্রতিনিধিদল না আসা প্রসঙ্গে খায়রুল ইসলাম বলেন, শুরুতে পাকিস্তানের ৬০ সদস্যের প্রতিনিধিদল আসার কথা থাকলেও পরে তারা ৪৪ জনের জন্য বাংলাদেশ দূতাবাসে ভিসা চায়। কিন্তু ওই ভিসা চাওয়ার পর মাত্র এক দিন কর্মদিবস ছিল। ফলে কারিগরি কারণে তাদের ভিসা হয়নি।
সম্মেলন উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পয়োনিষ্কাশন-ব্যবস্থার সফলতা নিয়ে এক উন্মুক্ত আলোচনাপর্বের আয়োজন করে কমিউনিটি লেড টোটাল স্যানিটেশন ও দ্য ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন কোলাবরেশন কাউন্সিল।