ফঁাকা চেক জমা রেখে বীজ নিয়ে বিপাকে আলুচাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে একটি হিমাগার কর্তৃপক্ষের কাছে ফাঁকা চেক জামানত রেখে আলুবীজ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ফাঁকা চেকে ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে তাঁদের নামে এখন আইনি বিজ্ঞপ্তি (লিগ্যাল বা উিকল নোটিশ) পাঠানো হচ্ছে৷ গত শনিবার পর্যন্ত ২৯ জন আলুচাষিকে এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পর গত বৃহস্পতিবার ভুক্তভোগী চািষরা হিমাগারের সামনে গিয়ে বিক্ষোভ করেছেন। এ পর্যায় হিমাগার কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
ভুক্তভোগী আলুচাষিরা জানিয়েছেন, রাজশাহীর পবা উপজেলার কালুপাড়া এলাকায় অবস্থিত যমুনা িসডস স্টোরেজ (প্রা.) লি.-১ থেকে চাষিরা আলুবীজ নিয়ে চাষ করেন। আলু উঠানোর পরে হিমাগারে আলু দিয়ে ঋণ শোধ করেন তাঁরা। আলুবীজের দাম বাবদ ধার্য করা টাকা ঋণ হিসাবে ধরা হয়। এই ঋণের বিপরীতে চাষিদের কাছ থেকে ব্যাংকের ফাঁকা চেক সই করে নেওয়া হয়। চাষিরা সরল বিশ্বাসে তা দিয়ে থাকেন।
চাষিরা অভিযোগ করেন, তিন বছর ধরে হিমাগারের সরবরাহ করা বীজে ভালো আলু হচ্ছে না। খেতের অবস্থা দেখার জন্য হিমাগার কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও তারা মাঠে যায়নি। মৌখিকভাবে ক্ষতিপূরণের আশ্বাস দিলেও তা দেয়নি৷ তার পরও হিসাব অনুযায়ী, হিমাগার কর্তৃপক্ষ তাদের কাছে যে পরিমাণ টাকা পাবে, তার চেয়ে কয়েক গুণ বেশি দাবি করে উকিল নোটিশ পাঠিয়েছেন৷ চাষিরা জানান, তাঁরা একদিকে আলুচাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অপরদিকে, তাঁদের হিসাবের বিপরীতে কয়েক গুণ বেশি ঋণ দেখানো হচ্ছে। উকিল নোটিশ পেয়ে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন৷ ৭৫ লাখ টাকার নোটিশ পেয়ে ইতিমধ্যে বাগমারা উপজেলার চান্দপাড়া গ্রামের সাইদুর রহমান নামের একজন চাষি অসুস্থ হয়ে পড়েছেন।
হিমাগারের পক্ষে রাজশাহী জজ কোর্টের আইনজীবী মোজাম্মেল হক আলু চাষিদের কাছে উকিল নোটিশ পাঠিয়েছেন। গত (মে) মাসের শেষ সপ্তাহে অনেক চাষি এই নোটিশ হাতে পেয়েছেন।
কালুপাড়া গ্রামের আলুচাষি রুহুল কুদ্দুস ২২ মে নোটিশ পেয়েছেন। এতে বলা হয়েছে যে তাঁর কাছে নয় লাখ ১৮ হাজার ৪৩২ টাকা ব্যবসায়িক পাওনা হয়। ওই টাকা চাইলে তিনি দিব, দিচ্ছি করে টালবাহানা করছেন। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে টাকা না দিলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রুহুল কুদ্দুস বলেন, গত মার্চ মাসে হিমাগারের সর্বশেষ হিসাব অনুযায়ী, বকেয়াসহ তাঁর কাছে মোট ঋণের পরিমাণ তিন লাখ ৮৩ হাজার ৪৪৬ টাকা। অথচ তাঁকে প্রায় তিন গুণ টাকার নোটিশ দেওয়া হয়েছে।
রুহুল কুদ্দুসের চাচাতো ভাই তোজাম্মেল হক বলেন, মার্চ মাসে তাঁর কাছে হিমাগারের মোট পাওনা দেখানো হয়, সাত লাখ ৮৭ হাজার ৪৮১ টাকা। তিনি বলেন, হিসাবে তিনিই হিমাগারের কাছে টাকা পাবেন। অথচ এখন তাঁকে ১৮ লাখ ৫৮ হাজার ২৯৬ টাকার নোটিশ দেওয়া হলো।
একই গ্রামের সম্রাট আলী জানান, তাঁর কাছে এর আগে হিমাগারের পক্ষ থেকে পাওনা দেখানো হয়েছিল, এক লাখ ৬৩ হাজার টাকা। এখন তাঁকে নোটিশ পাঠানো হয়েছে চার লাখ ১৭ হাজার ৮৮ টাকার।
একই গ্রামের গোলাম কিবরিয়ার কাছে হিমাগারের পাওনা ছিল দুই লাখ ৩২ হাজার ৯৫০ টাকা। তাঁকে নোটিশ দেওয়া হয়েছে ছয় লাখ ৫০ হাজার টাকার৷
দুর্গাপুর উপজেলার শুকানদিঘি গ্রামের রফিকুল ইসলাম জানান, তাঁর কাছে হিমাগারের পাওনা ছিল এক লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। নোটিশ দেওয়া হয়েছে তিন লাখ ৭৯ হাজার ৬০০ টাকার।
‘ভুয়া’ উকিল নোটিশ দেওয়ার প্রতিবাদে ভুক্তভোগী চাষিরা বৃহস্পতিবার হিমাগারের সামনে বিক্ষোভ করেন। চাষিরা জানান, শতাধিক চাষির কাছ থেকে এই হিমাগার কর্তৃপক্ষ ফাঁকা চেক নিয়েছে। ইতিমধ্যে ২৯ জনকে নোটিশ দিয়েছে। পর্যায়ক্রমে অন্য চাষিদেরও নোটিশ পাঠাবে বলে তাঁরা জানতে পেরেছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে হিমাগারের সহকারী ব্যবস্থাপক মিজানুর রহমান জামানত হিসাবে ফাঁকা চেক নেওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, যখন আলুর দাম বেশি উঠেছিল, তখন বিক্রি করতে বললে চাষিরা আরও বেশি লাভের আশায় আলু বিক্রি করেননি। পরে দাম পড়ে যাওয়ায় তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি ঋণের অঙ্ক বাড়িয়ে নোটিশ দেওয়ার কথা অস্বীকার করে বলেন, শুধু চাষিদের কথা শুনলে হবে না, হিমাগারের প্রধান কার্যালয়ে এসে তাঁদের হিসাব দেখতে হবে৷ কারণ, তাঁরা যা বলছেন তা সঠিক
নয়।