ফকিরখালির সব কটি রাস্তা কাঁচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেরাইদ ইউনিয়নের ফকিরখালি গ্রামের অধিকাংশ রাস্তা বর্ষাকালে জলমগ্ন হয়ে থাকে। এভাবেই বাঁশের সঁাকো তৈরি করে চলাচল করেন এলাকাবাসী l প্রথম আলো
বেরাইদ ইউনিয়নের ফকিরখালি গ্রামের অধিকাংশ রাস্তা বর্ষাকালে জলমগ্ন হয়ে থাকে। এভাবেই বাঁশের সঁাকো তৈরি করে চলাচল করেন এলাকাবাসী l প্রথম আলো

বাড্ডা থানার বেরাইদ ইউনিয়নের ফকিরখালি গ্রামের প্রায় ১৫ হাজার বাসিন্দা এখনো অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। গ্রামের সব কটি সড়ক কাঁচা। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়। তখন নৌকাই হয় গ্রামবাসীর একমাত্র ভরসা।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, গ্রামের প্রবেশপথ ফকিরখালি চৌরাস্তা থেকেই কাঁচা রাস্তার শুরু। ইট-সুরকি বিছানো হয়েছে রাস্তায়। এবড়োখেবড়ো পথে হেলেদুলে খুব ধীরে ধীরে চলছে যানবাহন। গ্রামবাসী জানান, কিছুদিন আগেও রাস্তাগুলো পুরোটাই পানিতে তলিয়ে ছিল।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই বছর আগেও কোনো রাস্তা ছিল না গ্রামটিতে। শুকনো মৌসুমে মেঠোপথ দিয়ে কিংবা খেতের আইল দিয়ে হেঁটে চলাচল করতে হতো। বর্ষা মৌসুমে ছোট ডিঙি নৌকাই ছিল গ্রামবাসীর চলাচলের একমাত্র মাধ্যম। এখনো বর্ষায় গ্রামটিতে যোগাযোগের অন্যতম মাধ্যম নৌকা। বালু নদবেষ্টিত বেরাইদ ইউনিয়নের ফকিরখালি গ্রামটি এত বছর এমন অবহেলিত অবস্থাতেই ছিল। বর্তমান সাংসদ এ কে এম রহমতউল্লাহর সহায়তায় সম্প্রতি গ্রামটির প্রবেশপথ পর্যন্ত পাকা করা হয়েছে। কিন্তু ফকিরখালির প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা এখনো কাঁচা। রাস্তাগুলো অপেক্ষাকৃত নিচু হওয়ায় বর্ষা এলেই পানিতে তলিয়ে যায়। তখন এসব রাস্তা দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পথ চলতে হয় ফকিরখালিবাসীর।
স্থানীয় বাসিন্দারা বলেন, ফকিরখালিতে কোনো উচ্চবিদ্যালয় নেই। প্রাথমিকের পর শিক্ষার্থীদের প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেরাইদ মুসলিম হাইস্কুলে ভর্তি হতে হয়। কিন্তু বর্ষা মৌসুমে তাদের ভোগান্তির শেষ থাকে না। প্রতিদিন পানিতে তলিয়ে যাওয়া কাদামাটির পথ পেরিয়ে তাদের স্কুলে পৌঁছাতে হয়।
ফকিরখালির বাসিন্দা বেরাইদ মুসলিম হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদমান সাকিব বলে, ‘এবার প্রায় দুই মাস প্রতিদিন কাদাপানি পার হয়ে স্কুলে গিয়েছি। আমাদের রাস্তা আরেকটু উঁচু করে পাকা করা প্রয়োজন। তাহলে আমাদের আর কষ্ট হবে না।’
বেরাইদ ইউনিয়নে ভালো মানের কোনো সরকারি-বেসরকারি হাসপাতাল বা স্বাস্থ্যসেবাকেন্দ্র নেই। ন্যূনতম চিকিৎসার জন্যও ফকিরখালিবাসীকে ছুটতে হয় শহরে। গ্রামের মেঠোপথ পেরিয়ে গুরুতর অসুস্থ ব্যক্তিদের আনা-নেওয়া অনেক কষ্টকর হয়ে পড়ে।
গ্রামটির বাসিন্দা বাদল মিয়া বলেন, ‘আমাদের গ্রামের পাশে নদীতে যদি সরকারিভাবে একটি ঘাট নির্মাণ করে ওয়াটার বাস চালু করা হয়, তাহলে আমাদের চলাচলের অনেক সুবিধা হয়।’
এলাকার সার্বিক বিষয়ে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য (ফকিরখালি এলাকা) সাজেদুল হক প্রথম আলোকে বলেন, ‘বহু বছর ধরে ফকিরখালি গ্রামের মানুষ চরমভাবে অবহেলিত। নাগরিক সুবিধার কোনো কিছুই আমরা এখানে পাই না। আমার এলাকার অন্যতম সমস্যা হলো এই গ্রামটিকে দুটি সিটি করপোরেশনে ফেলা হয়েছে। আমরা একটি সিটি করপোরেশনে থাকতে চাই।’