ফকিরহাটে ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি উপজেলা চেয়ারম্যান
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খান জাহিদ হাসানকে গুলি করে হত্যার ঘটনায় গতকাল রোববার খুলনার রূপসা থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার নিয়ামত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশীদসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করা হয়েছে। গত ইউপি নির্বাচনে খান জাহিদের প্রতিপক্ষ ছিলেন হারুন। তবে সরদার নিয়ামত ও হারুন এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা চলছে।
খুলনার সহকারী পুলিশ সুপার আবদুল কাদের বেগ প্রথম আলোকে জানান, গত শনিবার রাতভর রূপসা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন বশির শেখ, বাবুল হাওলাদার, শাহ জালাল, সিরাজুল ইসলাম, রানা হাওলাদার, মো. আক্তারুজ্জামান, ফিরোজ হাওলাদার, মো. সামিম, সুমন মোল্লা ও সাইফুল শেখ। এছাড়া গতকাল মোল্লারহাট উপজেলার গাংনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনকে পুলিশ আটক করেছে।
গ্রেপ্তারকৃতদের স্বজনেরা অভিযোগ করেছেন, পুলিশ সাধারণ ও নিরীহ কয়েকজনকে আটক করে হয়রানি করছে। এমনকি নির্বাচনে খান জাহিদের বিপক্ষে কাজ করা কয়েকজনকে আটক করা হয়েছে। এদের একজন স্থানীয় ইট-বালু ব্যবসায়ী আজাদ শেখকে গতকাল রোববার ভোর রাতে আটক করা হয়। শনিবার সকালে খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে তিনবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান খান জাহিদ ও তাঁর মোটরসাইকেলচালক মুন্না নিহত হন। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ গতকাল দুপুর ১২টার দিকে বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকি মোড়ে এবং বাগেরহাট-খুলনা সড়কের কাটাখালী মোড়ে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে। এ সময় ওই সড়ক দুটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা ঘটনাস্থলে যান। তাঁরা এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।