ফকিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রতিপক্ষের লোকজনের ওপর নির্যাতন করছেন বলে অভিযোগ করেছেন। পরাজিত চেয়ারম্যান প্রার্থী কাজী গোফরান। গত মঙ্গলবার তিনি ঢাকায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন।গত ৩১ মার্চ মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হন তৌহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে কাজী গোফরান অভিযোগ করেন, এলাকার প্রায় শতাধিক মানুষের ওপর নির্যাতন, তাঁদের বাড়িঘর, চিংড়ি ঘেরে লুটপাট চালিয়েছেন তৌহিদুল ইসলাম এবং তাঁর ভাই জিহাদুল ইসলামের লোকজন।গোফরান বলেন, তিনি স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। এজন্য ঢাকায় এসে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মূলঘর ইউনিয়নের রাজপাট গ্রামের বাসিন্দা ব্যবসায়ী ইউনুস আলী শেখ। তিনি অভিযোগ করেন, গত ১৭ এপ্রিল তাঁর প্রায় ১০০ বিঘা জমির ঘেরের মাছ লুট করে চেয়ারম্যান তৌহিদুলের লোকজন। নির্বাচনের কিছুদিন পরই তাঁর নামে মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হয়েছে। ভয়ে তিনি এলাকায় যেতে পারছেন না।অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান তৌহিদুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের পর এলাকায় কোনো সহিংসতা ঘটেনি। তবে নির্বাচনের আগে গোফরানের লোকজন এলাকায় অনেক নির্যাতন করেছে। এজন্য হয়তো মানুষ তাদের ওপর ক্ষুব্ধ।’