ফকিরহাটে উপনির্বাচনে নিহত চেয়ারম্যানের স্ত্রী বিপুল ভোটে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ওই ইউনিয়নের নিহত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খান জাহিদ হাসানের স্ত্রী শিরিনা আক্তার সাত হাজার তিন ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ হারুন অর রশিদ পেয়েছেন চার হাজার ৪১৪ ভোট। গতকাল শনিবার এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এলাকার সাধারণ মানুষের ‘সহানুভূতির ভোট’ শিরিনা আক্তারকে বিজয়ী করতে বিশেষ ভূমিকা রেখেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী ভোটার প্রথম আলোকে বলেন, ‘সদ্য স্বামীহারা শিরিনা আক্তারের মানসিক অবস্থার প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। শিরিনা তাঁর স্বামী হত্যার সুবিচার লাভের আশায় সরকারি চাকরি ছেড়ে উপনির্বাচনে দাঁড়িয়েছেন। নারী হিসেবে আমরা তাঁর এই আবেদন সহানুভূতির সঙ্গে দেখেছি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুস সাত্তার গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের জানান, বেসরকারি ফলাফল অনুযায়ী নির্বাচনে প্রধান চার প্রতিদ্বন্দ্বীর মধ্যে শিরিনা আক্তার (আনারস) পেয়েছেন সাত হাজার তিন ভোট, শেখ হারুন অর রশিদ (তালা) চার হাজার ৪১৪ ভোট, মো. মোফাজ্জেল হায়দার (দোয়াত-কলম) এক হাজার ৮৪৬ ভোট ও মুশফিকুজ্জামান রিপন (মোটরসাইকেল) পেয়েছেন ৩৯১ ভোট।

ভোট চলাকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকালে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। দুপুরের পর ভোটারদের চাপ বাড়তে থাকে। নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ।

বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু পরিবেশে চেয়ারম্যান পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে।

গত ১৮ মে চেয়ারম্যান খান জাহিদ হাসান সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে পদটি শূন্য হয়।