ফকিরহাটে একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা
বাগেরহাটের ফকিরহাটে বিএনপির দুই পক্ষ একই স্থানে একই সময়ে পৃথক কর্মসূচি আহ্বান করায় গতকাল বুধবার বেলা আড়াইটা থেকে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান জানান, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি বুধবার বিকেল চারটায় মূলঘর ইউনিয়নের মূলঘর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। কিন্তু প্রশাসন ১৪৪ ধারা জারি করায় সেখানে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। পরে সাকিনা আজাহার টেকনিক্যাল কলেজ এলাকায় অনুষ্ঠান করা হয়। জেলা বিএনপির সভাপতি এম এ সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।ফকিরহাট উপজেলা বিএনপির বিদ্রোহী পক্ষের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‘এটি ছিল আমাদের নেতৃত্বাধীন মূলঘর ইউনিয়ন বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি। কিন্তু আমাদের দলীয় প্রতিপক্ষ অনুষ্ঠানটি ভণ্ডুল করার উদ্দেশ্যে একই স্থানে আকস্মিকভাবে মিলাদ ও আলোচনা সভা আহ্বান করে। ১৪৪ ধারা জারি হওয়ায় আমরা পাশের একটি বাড়ির উঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে স্থানীয় মসজিদে মিলাদ মাহফিল করেছি। আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান।’ফকিরহাটের ভারপ্রাপ্ত ইউএনও মোক্তার হোসেন বলেন, নিরাপত্তার স্বার্থে ওই বিদ্যালয়ের মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।