ফকিরহাটে চিংড়ি আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য মাননিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে মাছের ডিপোতে অভিযান চালিয়ে তিন লাখ ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক নিত্যানন্দ দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান।খুলনা অঞ্চলের অন্যতম বৃহৎ চিংড়ি ও সাদা মাছের এই বাজারে এই প্রথম এত বড় ধরনের কোনো অভিযান পরিচালনা করা হলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ ধরনের অভিযান মৎস্য ব্যবসায়ীদের যথাযথ প্রক্রিয়ায় মানসম্পন্ন মাছ কেনাবেচায় আগ্রহী করে তুলবে।র‌্যাব-৬-এর সহ-অধিনায়ক লে. কমান্ডার এম নূর-ই আলম রাতে এই প্রতিবেদককে জানান, বায়েজীদ ফিশের মালিক বায়েজীদ মোড়লকে ২৫ হাজার টাকা, বৃষ্টি ফিশের মালিক মো. কুতুব তরফদারকে ৫০ হাজার টাকা, ফেমা ফিশের মালিক মো. নিজাম উদ্দিনকে ১৫ হাজার টাকা, অন্তরা ফিশের মালিক নন্দ কুমারকে ৫০ হাজার টাকা, ঠান্ডা-মাসুদ-জুয়েল ফিশের মালিক মো. জুয়েলকে ২৫ হাজার টাকা, শাপলা ফিশের মালিক আজাহার শিকদারকে ২৫ হাজার টাকা, উলবি আইস প্লান্টের মালিক মো. ওহাবকে সাত হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।এ ছাড়া যাত্রাপুর অ্যান্ড লখপুর মৎস্য আড়তের মালিক জাহিদ শেখকে ৫০ হাজার টাকা, খানজাহান আলী ফিশের মালিক শাহাবুদ্দিন মোল্লাকে ৫০ হাজার টাকা এবং মেসার্স জিনিয়া ফিশের মালিক এনামুল হককে ২৫ হাজার টাকা করে জরিমানা করে রসিদ দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে মালিককে না পাওয়ায় তাঁদের জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে বলে তিনি জানান।নিত্যানন্দ দাস অভিযান শেষে রাতে এই প্রতিবেদককে বলেন, র‌্যাব-৬-এর একটি দলকে সঙ্গে নিয়ে তিনি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মৎস্য ব্যবসায়ীদের মৎস্য মাননিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স না থাকা, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে মাছ কেনাবেচা এবং প্রক্রিয়াজাত করার অপরাধে মৎস্য সংরক্ষণ নিয়ন্ত্রণ আইন ১৯৯৭ সালের (সংশোধিত) ২০০৮-এর আওতায় বিভিন্ন ডিপো মালিককে মোট তিন লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান রপ্তানিযোগ্য চিংড়ি মাছের মাননিয়ন্ত্রণে সহায়ক হবে বলে তিনি আশা করেন।