ফকিরহাটে চেয়ারম্যান পদে ফলাফল স্থগিত
বাগেরহাটের ফকিরহাট উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে। একটি স্থগিত কেন্দ্রের মোট ভোট প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর জয়-পরাজয়ের নিয়ামক হতে পারে বলে এ সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলার সাতসিকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় ভোটের দিন আওয়ামী লীগ-সমর্থকদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরদার নিয়ামত হোসেন মারধরের শিকার হন। এরপর তাঁর সমর্থকেরা ওই কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে তা পুড়িয়ে দেন। এ অবস্থায় সেখানে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুল হক খান গতকাল শুক্রবার জানান, ফকিরহাটে মোট ভোটকেন্দ্র ২৩টি। এর মধ্যে ভোট স্থগিত হওয়া সাতসিকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার তিন হাজার ৩৪ জন। বাকি ২২টি কেন্দ্রের ফল অনুযায়ী, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরদার নিয়ামত হোসেন ২২ হাজার ৫৩৬ এবং বিএনপি-সমর্থিত শেখ শরিফুল করিম ২৫ হাজার ৩২২ ভোট পেয়েছেন। প্রাপ্ত ভোটের ব্যবধান দুই হাজার ৭৮৬টি। ফলে এই উপজেলায় চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত শেখ মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত তহুরা খানম জয়ী হয়েছেন।
এদিকে জেলার কচুয়া উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মাহফুজুর রহমান ২২ হাজার ৩৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে জয়ী হন আওয়ামী লীগ-সমর্থিত হাজরা ওবায়দুর রেজা সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা সরোয়ার।