ফকিরহাটে দিনমজুরকে হত্যা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাটে দুলাল শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পুলিশ গতকাল রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণরাকদিয়া গ্রামসংলগ্ন পদ্মবিল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তাঁর মাথা, চোখ ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের সাবেক স্ত্রী আয়েশা বেগমকে আটক করেছে।নিহত দুলাল শেখ জেলার মোরেলগঞ্জ উপজেলার বড়পরি ধানসাগর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর। প্রায় তিন বছর আগে তিনি ব্রাহ্মণরাকদিয়া গ্রামে আয়েশা বেগম নামের এক বিধবাকে বিয়ে করে সেখানে বসবাস শুরু করেন। তবে বনিবনা না হওয়ায় মাস ছয়েক আগে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়।ফকিরহাট থানার এসআই মো. আকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গতকাল দুপুরে পদ্মবিল থেকে দুলালের ভাসমান লাশ উদ্ধার করে। লাশের মাথা, কান ও চোখে রক্তাক্ত ক্ষত দেখে ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময়ে কে বা কারা তাঁকে হত্যা করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে দুলালকে সর্বশেষ ফকিরহাটের বারাশিয়া গ্রামে দেখা গেছে।