ঢাকায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি লোডশেডিং, বিভ্রাট
ফকিরাপুল-নয়াপল্টনে বিদ্যুৎ নেই, পানি নেই
রাজধানীতে প্রায় ২ হাজার ৯০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে গড়ে আড়াই হাজার মেগাওয়াট। ঘাটতি থেকে যাচ্ছে প্রায় ৪০০ মেগাওয়াট। এর বাইরে ট্রান্সফরমার বন্ধ বা তার ছিঁড়ে যাওয়ার কারণে নগরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিচ্ছে।
ফকিরাপুল, নয়াপল্টনে ট্রান্সফরমার নষ্ট হওয়ায় অপেক্ষাকৃত কম শক্তিসম্পন্ন ভ্রাম্যমাণ ট্রান্সফরমার দিয়ে কাজ চালানো হচ্ছে দুই দিন ধরে। এসব এলাকায় পানিরও সমস্যা।
জানা যায়, গরম বাড়লে রাজধানীতে বিদ্যুতের চাহিদা তিন হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। প্রধানত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও আশপাশের ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) অধীন এলাকার জন্য প্রায় ১ হাজার ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ দরকার হলেও পাওয়া যায় অন্তত দেড় শ মেগাওয়াট কম। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ঢাকা পাওয়ার সাপ্লাই কোম্পানির (ডেসকো) এলাকায় জন্য বরাদ্দ হয় প্রায় সাড়ে ৭০০ মেগাওয়াট। রাজধানীর পল্লী বিদ্যুৎ বোর্ডের (আরইবি) এলাকার জন্য দেওয়া হয় ৪৫০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ। এর বাইরে আরও প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকছে। বর্তমানে ঢাকায় লোডশেডিং নেই বলে ডিপিডিসি থেকে বলা হয়। অথচ বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য কাজলাসহ বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই বিদ্যুতের ফিডার বন্ধ রাখা হচ্ছে। দেওয়া হয় লোডশেডিং।
এর বাইরে রয়েছে বিদ্যুৎ-বিভ্রাট। পুরান ঢাকার আর কে মিশন রোড ও আশপাশের এলাকায় গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এ ছাড়া ছুটির দিন হওয়া সত্ত্বেও সারা দিনই বিদ্যুৎ-বিভ্রাটের ঘটনা ঘটেছে। ডিপিডিসি থেকে জানানো হয়, বঙ্গভবন সাব-স্টেশনের ব্রেকার বন্ধ রেখে সংরক্ষণকাজ করার কারণে গতকাল এ অবস্থার সৃষ্টি হয়।
গোপীবাগ তৃতীয় গলির বাসিন্দা রশিদুর রহমান ক্ষোভ জানিয়ে বলেন, এলাকায় প্রতিদিন তিন-চারবার করে বিদ্যুৎ চলে যায়। তাঁর ছেলে এবারের বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে সমস্যায় পড়ছে। গতকাল সকাল থেকেই বারবার বিদ্যুৎ যাওয়ার কারণে অন্যদের মতো তাঁদেরও ভোগান্তিতে পড়তে হয়।
ফকিরাপুল পানির ট্যাংকের বিপরীত দিকে বকশি হোটেলের কাছে গত বৃহস্পতিবার রাত সোয়া আটটায় ট্রান্সফরমার বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ চলে যায়। প্রায় দুই ঘণ্টা আশপাশের পুরো এলাকা বিদ্যুৎবিহীন থাকার কারণে এলাকায় পানির সংকট দেখা দেয়। পরে অপেক্ষাকৃত কম ক্ষমতার একটি ভ্রাম্যমাণ ট্রান্সফরমার এনে বিদ্যুৎ-ব্যবস্থা সচল করা হয়।
নয়াপল্টনে এলাকার বাসিন্দা পরান গাঙ্গুলি বলেন, বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ যাওয়ার ঘণ্টা খানিকের মধ্যে বাসার আইপিএসও বন্ধ হয়ে যায়। কখন বিদ্যুৎ আসবে, জানতেও পারছিলেন না। বিদ্যুৎ না থাকায় এলাকায় পানি সরবরাহও বন্ধ হয়ে যায়।
নারিন্দা, টিপু সুলতান রোডসহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে দিনে-রাতে কয়েক দফায় বিদ্যুৎ যাওয়া-আসার ঘটনা ঘটছে। নারিন্দার মনিহারি দোকানের ব্যবসায়ী কাঞ্চন চৌধুরী বলেন, মাঝে বিদ্যুৎ সমস্যা কম হলেও বর্তমানে তা খুব বেশি বেড়ে গেছে। বিদ্যুৎ অফিসে জানতে চাইলে তাঁরা বলেন, লোডশেডিং নেই, এটাকে ব্রেকডাউন বলে।
যোগাযোগ করা হলে ডিপিডিসির স্কাডা থেকে বলা হয়, নারিন্দা গ্রিডের জন্য ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও তা দেওয়া যাচ্ছে না। সেখানে কুমারটুলিতে ট্রান্সফরমার বন্ধ রাখতে হচ্ছে। হাসনাবাদ-লালবাগ গ্রিড এলাকায় ওভার লোডিং সমস্যা মেটাতে নারিন্দা থেকে বিদ্যুৎ ভাগ করে দেওয়া হচ্ছে সেখানকার গ্রিডের জন্য। এ ছাড়া চাহিদার তুলনায় পুরোপুরি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে প্রধানত শহরতলিতে কিছু লোডশেডিং দিতে হচ্ছে।