ফকিরাপুলে পানির ট্যাঙ্ক ধসে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ফকিরাপুল বাজার এলাকায় আজ বুধবার বিকেলে নির্মাণাধীন মসজিদের পানির ট্যাঙ্ক ধসে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুস সালাম (৩৮)।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশীদ প্রথম আলোকে জানান, ফকিরাপুল বাজার এলাকায় নির্মাণাধীন ছয়তলা মসজিদের চতুর্থ তলায় কাজ চলছিল। বিকেল সোয়া পাঁচটার দিকে মসজিদের ছাদের ওপরের পানির ট্যাঙ্ক ধসে পড়ে। এ সময় ট্যাঙ্কের ধসে পড়া ইটের আঘাতে পাশের সানলাইট অপরূপ ওয়াশিং নামের একটি লন্ড্রি দোকানের কর্মচারী আবদুস সালাম মারা যান। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
মতিঝিল থানার উপপরিদর্শক সুমন ভট্টচার্য জানান, আহত লোকজনের আঘাত তেমন গুরুতর নয়। তাদের পরিচয় জানা যায়নি। সালামের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।