ফকিরাপুলে ভবনে আগুনের ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোডের বহুতল বাণিজ্যিক ভবনে গতকাল রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। অসুস্থ হয়ে পড়েছেন আরেকজন।
মারা যাওয়া ব্যক্তির নাম এবাদত হোসেন (৩৮)। তিনি ভবনটিতে নিরাপত্তারক্ষীর কাজ করতেন।

অসুস্থ হয়ে পড়া ব্যক্তির নাম মো. সেতাব আলী। তিনি ফায়ার সার্ভিসের সদস্য। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রাত ১২টার দিকে ফকিরাপুল কালভার্ট রোডের প্যারামাউন্ট হাইট নামের ১৪ তলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নিয়ন্ত্রণে আসার পর বিষাক্ত ধোঁয়ায় এবাদত ও সেতাব অসুস্থ হয়ে পড়েন। দুজনকে রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক এবাদতকে মৃত ঘোষণা করেন। সেতাব চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী ও ওই ভবনের কয়েকজন ব্যবসায়ী গতকাল রাতে দাবি করেন, ভবনের দোতলায় বৈদ্যুতিক সরঞ্জামের একটি কক্ষ থেকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের পরিচালক মেজর মাহবুবুর রহমান গতকাল রাতে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। রাত একটার দিকে আগুন নেভানো সম্ভব হয়।