ফকিরের 'মসলা' খেয়ে ৩০ জন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি হওয়া টাকা উদ্ধার করতে ভণ্ড ফকিরের ঝাড়-ফুঁক দেওয়া মসলাজাতীয় দ্রব্য খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৩০ জন নারী-পুরুষ। গতকাল শনিবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামে এই ঘটনা ঘটে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অসুস্থ ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, শান্তিরাম গ্রামের বাসিন্দা সাদেক আলীর ভাষ্যমতে, তাঁর ঘর থেকে গত ১২ মে রাতে ২০ হাজার টাকা চুরি হয়। ওই টাকা উদ্ধারের জন্য গতকাল একই উপজেলার চণ্ডীপুর গ্রামের ঝাড়-ফুঁক দেওয়া ফকির আমজাদ হোসেনের শরণাপন্ন হন সাদেক আলীর স্ত্রী নাজমা বেগম। মসলা জাতীয় দ্রব্যে ঝাড়-ফুঁক দিয়ে তিনি তা সন্দেহভাজন ব্যক্তিদের খাওয়ানোর পরামর্শ দেন কবিরাজ। নাজমাকে ওই ফকির জানান, এই মসলা খেলে টাকা চোর অসুস্থ হয়ে পড়বে। তখন বোঝা যাবে, সে-ই টাকা চুরি করেছে।

সূত্র জানায়, গতকাল রাত নয়টার দিকে ঝাড়-ফুঁক দেওয়া মসলা বাড়ির লোকজন ও প্রতিবেশীদের খেতে দিয়ে নাজমা বলেন, ‘সবাইকে এই মসলা খেতে হবে। যে খাবে না, সে-ই আমার টাকা চুরি করেছে বলে মনে করব।’ এ অবস্থায় বাড়ি ও আশপাশের অন্তত ৪০ জন নারী-পুরুষ ওই মসলা খেয়ে ফেলেন। তাঁদের মধ্যে অন্তত ৩০ জন অসুস্থ হয়ে পড়েন।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন কয়েকজন প্রথম আলোকে  জানান, মসলা খাওয়ার কয়েক ঘণ্টা পর প্রথমে বমি ও পরে পাতলা পায়খানা শুরু হয়।

অসুস্থ আমেনা বেগম (৪৫) বলেন, ‘ওই মসলা প্রথমে খেতে ঝাল-মিষ্টির মতো লাগলেও পরে টক লাগে। আধঘণ্টা পর আমার গা ঝিম ঝিম ও পেট ব্যথা শুরু হয়।’ চিকিত্সাধীন রফিকুল ইসলাম (৫০) বলেন, ‘খাওয়ার কিছুক্ষণ পর আমার বমি হতে থাকে। একপর্যায়ে পাতলা পায়খানা শুরু হয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) মলয় কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত অসুস্থ হয়ে ৩০ জন রোগী ভর্তি হন। খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে চিকিত্সা দেওয়ার পর এখন তাঁরা শঙ্কামুক্ত।’

এদিকে ঝাড়-ফুঁক দেওয়া ফকির আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানায়, মসলা খেয়ে অসুস্থ হয়ে অনেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির খবর শোনার পর থেকেই তিনি পলাতক। অন্যদিকে, লোকজনকে মসলা খেতে দেওয়া নাজমা বেগম ও তার স্বামী সাদেক আলীও গা ঢাকা দিয়েছেন।