ফখরুদ্দীন-মইনকে এক মাস সুযোগ দিল কমিটি
২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকদের সঙ্গে সেনাসদস্যের সহিংসতা সম্পর্কে বক্তব্য দিতে সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সেনাপ্রধান মইন উ আহমেদকে আরেক দফা সুযোগ দেওয়া হয়েছে।ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি গতকাল মঙ্গলবার এ দুইজনের বক্তব্য জানতে আরও এক মাস সময় দিয়েছে বলে জানা গেছে। এর মধ্যে তাঁরা কোনো বক্তব্য না দিলে কমিটি এ ব্যাপারে প্রতিবেদন চূড়ান্ত করবে।সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় উপকমিটির এ সভায় সভাপতিত্ব করেন সভাপতি রাশেদ খান মেনন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, কমিটির পরবর্তী সভাই হবে শেষ সভা। ওই সভা হওয়ার আগ পর্যন্ত তাঁরা নিজেরা এসে বা টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিতে পারবেন। আগামী এক মাস পর ওই সভা হবে। এর মধ্যে তাঁরা বক্তব্য দিতে ব্যর্থ হলে কমিটি এ পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন চূড়ান্ত করবে।গত ২৭ ফেব্রুয়ারি ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদকে প্রথমবারের মতো ডাকার সিদ্ধান্ত নেয় উপকমিটি। গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত কমিটির পঞ্চম সভায় তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু হাজির না হয়ে যুক্তরাষ্ট্র থেকে তাঁরা তাঁদের লিখিত বক্তব্য পাঠান। কমিটি তাঁদের ওই বক্তব্য গ্রহণ না করে আবারও ডাকার সিদ্ধান্ত নেয়।