ফখরুল, আব্বাস ও সালাম কারাগারে

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় করা পৃথক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রমনা থানার একটি মামলায় মির্জা ফখরুল, রমনা থানার তিনটি ও শাহবাগ থানার একটি মামলায় মির্জা আব্বাস এবং আবদুস সালাম পৃথক দুটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এই মামলাগুলোতে তিনজনই হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। ৯ মার্চ আপিল বিভাগ তাঁদের জামিন বাতিল করেন।
আসামিপক্ষের আইনজীবীরা আজ আদালতকে বলেন, আসামিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। এ কারণে তাঁরা জামিন পেতে পারেন।
আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, জয়নুল আবেদীন ও মাসুদ আহমেদ তালুকদার।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল্লাহ আবু এই জামিনের আবেদনের বিরোধিতা করেন। পরে আদালত এ আদেশ দেন।