ফখরুল কাশিমপুর থেকে ঢাকায়

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার আদালতে হাজিরা দিতে আজ সোমবার সন্ধ্যায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, ঢাকায় আদালতে পল্টন থানার একটি মামলায় কাল মঙ্গলবার তার শুনানি হওয়ার কথা। সেখানে হাজিরা দিতেই আজ সোমবার সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে তাঁকে এ কারাগার থেকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে। তিনি কাশিমপুরের কারাগারে ডিভিশন পাওয়া বন্দী হিসেবে সুরমা ভবনে আছেন। এ কারাগারে একই ভবনে আমার দেশ–এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির নেতা শমসের মবিন চৌধুরী, সাবেক সাংসদ আহসান হাবিব লিঙ্কন, মো. শামসুজ্জামান দুদুসহ সাতজন ভিআইপি ডিভিশন পাওয়া বন্দী আছেন।
৮ জানুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় মির্জা ফখরুলকে। পরে জেল কোড অনুসারে তাঁকে ডিভিশন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৭ জানুয়ারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানার করা মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানো হয়।