ফখরুল, ফালু ও রিজভীর জামিন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মোসাদ্দেক আলী ফালু ও রুহুল কবির রিজভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় করা পৃথক মামলায় মির্জা ফখরুলসহ তিনজনের পক্ষে পৃথক জামিনের আবেদন করা হয়। এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করেছিলেন।
আজ রোববার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস তা নাকচ করে দেন।
মির্জা ফখরুলের পক্ষে পল্টন ও মতিঝিল থানার পৃথক মামলায়, মোসাদ্দেক আলী ফালুর পক্ষে মিরপুর থানার এবং রুহুল কবির রিজভীর পক্ষে যাত্রাবাড়ী থানার দুটি মামলায় জামিনের আবেদন করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গত ৬ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পল্টন ও মতিঝিল থানার পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৩০ জানুয়ারি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করা হয়।
১ ফেব্রুয়ারি বিএনপি গুলশান কার্যালয়ের সামনে থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে আটক করা হয়।