ফখরুল, মোসাদ্দেক আলী ও রিজভীর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা পৃথক মামলায় তাঁদের পক্ষে গতকাল রোববার জামিনের পৃথক আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস এসব আবেদন নামঞ্জুর করেন।
পল্টন ও মতিঝিল থানায় করা মামলায় মির্জা ফখরুলের পক্ষে, মিরপুর থানায় করা মামলায় মোসাদ্দেক আলীর পক্ষে এবং যাত্রাবাড়ী থানার দুটি মামলায় রিজভীর পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল। এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই তিনজনের জামিনের আবেদন নাকচ করেছিলেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গত ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পল্টন ও মতিঝিল থানার পৃথক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ৩০ জানুয়ারি রুহুল কবির রিজভীকে আটক করা হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে ১ ফেব্রুয়ারি আটক করা হয় মোসাদ্দেক আলীকে।