ফখরুলকে ক্ষমা চাইতে বললেন শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘পরীক্ষার সময় হরতাল দেওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল খারাপ হয়েছে। এখন এ নিয়ে উল্টো তিনি উপহাস করছেন। এ জন্য পরীক্ষার্থীদের কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত।’

গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত শনিবার মির্জা ফখরুল কবিগুরু রবীন্দ্রনাথের একটি কবিতা উল্লেখ করে উপহাস করেছেন। ‘পুরাতন ভৃত্য’ শিরোনামে ওই কবিতার প্রথম দুটি লাইন হচ্ছে: ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর—/ যা-কিছু হারায়, গিন্নি বলেন, ‘কেষ্ট বেটাই চোর’।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অপ্রাসঙ্গিকভাবে এই কবিতা বলে পরীক্ষার্থীদের প্রতি উপহাস করা হয়েছে। যেখানে তাঁর দুঃখ প্রকাশ করা উচিত ছিল, সেখানে তিনি তাদের সঙ্গে তামাশা করলেন। এটা রাজনীতিবিদের মতো কাজ নয়। আশা করি উনি নতুন ভুলসহ (পরিহাস করা) আগের ভুলের জন্য মাফ চাইবেন।’

শিক্ষামন্ত্রী আবারও দাবি করেন, বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কারণে এ বছর এইচএসসি পরীক্ষার ফল খারাপ হয়েছে। এর আগে গত শনিবার ফল প্রকাশের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একই দাবি করেছিলেন।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় উপর্যুপরি হরতালের ডাক দেওয়ায় ৩২টি পত্রের পরীক্ষা পেছাতে হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। অন্যান্য সূচকও কিছুটা নিম্নমুখী।