ফখরুলকে হয়রানি না করার আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হয়রানি বা গ্রেপ্তার না করতে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে আগামী ১৮ ফেব্রুয়ারি আপিলের শুনানির দিন ধার্য করা হয়েছে।

গাড়ি পোড়ানোর পৃথক ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে গত বছরের ২৮ নভেম্বর শাহবাগ থানায় এবং ১ ও ২৫ ডিসেম্বর রমনা থানায় মামলা হয়।

এসব মামলায় ১৬ জানুয়ারি বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলকে হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ২৭ জানুয়ারি আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এরই ধারাবাহিকতায় আজ আবেদনগুলোর ওপর শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। আর মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও এম বদরুদোজ্জা।