ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় ৪৩ নেতাসহ ৪৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলায় ২০ জুন অভিযোগ গঠনবিষয়ক শুনানির তারিখ ধার্য করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম মো. এরফান উল্লাহ এ তারিখ ধার্য করেন।গত ২৯ এপ্রিল বিএনপির ডাকা হরতালের রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে তেজগাঁও থানায় এ মামলা করা হয়। গতকাল এ মামলায় জামায়াত-শিবিরের পলাতক চারজন আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ৬ জুন এ চারজন নেতাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন আদালত।পলাতক চারজন: পলাতক আসামিরা হলেন: জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুল, ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী ও সেক্রেটারি আবদুল জব্বার ওরফে জসিম। গত ২৯ এপ্রিল বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের পর রাত নয়টা পাঁচ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানার পুলিশ মামলা করে। গত ১০ মে ডিবি পুলিশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২৭ মে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল জব্বার ওরফে জসিমের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ।আদালত সূত্র জানায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩২ জন নেতাকে হাইকোর্ট জামিন দেন। পৃথক অন্য একটি মামলায় ২৯ আসামিকে আদালতে হাজির করাসংক্রান্ত পরোয়ানা পিডব্লিউ থাকায় তাঁরা কারাগারে আছেন।আমিরুল ও কামাল রিমান্ডে: রাজধানীর খিলগাঁও থানায় করা একটি মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান ও বিএনপির নেতা কামাল আনোয়ারের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম এই আদেশ দেন। গত ২১ এপ্রিল বিএনপির ডাকা হরতালের আগের দিন খিলগাঁও এলাকায় একটি বাসে আগুন দিয়ে চালককে হত্যার অভিযোগে এ মামলা করা হয়।