ফখরুলসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা থানায় বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৮ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। একই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।
এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন বিএনপি নেতা এম মাহবুব উদ্দিন, আমানউল্লাহ, বরকত উল্লা, মেজর (অব.) হাফিজউদ্দিন ও আবদুস সালাম।
২০১৩ সালের ২৪ ডিসেম্বর রমনা থানাধীন বাংলামোটর মোড়ে পুলিশের গাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। গাড়িতে থাকা পুলিশ কনস্টেবল সাইফুল ও ফেরদৌস আগুনে দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রমনা থানার পুলিশ বাদী হয়ে এ মামলা করে।
তদন্ত শেষে চলতি বছরের ৪ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ মামলায় মির্জা ফখরুলসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে মির্জা আব্বাসসহ ১৮ জনকে অব্যাহতির আবেদন জানান মামলাটির তদন্ত কর্মকর্তা।