ফখরুলসহ চার নেতার জামিন আবেদন নাকচ
পৃথক চার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির চার নেতার জামিন আবেদন নাকচ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বাকি নেতারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ ও ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব আবদুস সালাম।
গতকাল রোববার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন শুনানি শেষে এসব নেতার পৃথক জামিন আবেদন নাকচ করে দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ মির্জা ফখরুল একটি মামলায়, মির্জা আব্বাস চারটি ও আবদুস সালাম দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান।
এর আগে এসব মামলায় এই তিন নেতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। গত ৯ মার্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মির্জা ফখরুলসহ পাঁচজনের জামিন বাতিল করে দেন।