ফখরুলসহ জোটের নেতাদের বিরুদ্ধে মামলার শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও শাহজাহানপুরে গাড়ি ভাঙচুরের অভিযোগে করা দুই মামলার শুনানির তারিখ পিছিয়েছেন আদালত। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটি মামলারই আসামি। এ ছাড়া বিএনপিসহ ২০-দলীয় জোটের বেশ কিছু নেতা এসব মামলার আসামি।

২০১২ সালের ২৯ এপ্রিল সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে শাহবাগ থানা-পুলিশ এ মামলা করে। ওই বছরের ৩১ মে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ২৯ নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বর্তমানে মির্জা ফখরুল চিকিৎ​সার জন্য বিদেশে থাকায় তাঁর প‌ক্ষেÿসময় চেয়ে আবেদন করা হয়। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক রুহুল আমিন তা মঞ্জুর করে ২২ সেপ্টেম্বর শুনানির নতুন তারিখ ধার্য করেন।

এ মামলায় মির্জা ফখরুল ছাড়া অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, রুহুল কবির রিজভী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান ও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।

এদিকে ঢাকার মহানগর মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন মির্জা ফখরুল ইসলামসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে করা গাড়ি ভাঙচুরের মামলার অভিযোগ বিষয়ে আজ শুনানি হয়নি। আসামি পক্ষেরÿআবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৩ সেপ্টেম্বর শুনানির নতুন তারিখ ধার্য করেছেন

২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানা-পুলিশ এ মামলা করে। ওই বছরই ২০ মার্চ মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।