রাজধানীর রমনা ও শাহবাগ থানায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালামের জামিন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান গতকাল রোববার এই আদেশ দেন।
দলের এই তিন নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ সোমবার সারা দেশে উপজেলা, জেলা, মহানগর ও রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, গতকাল মির্জা ফখরুল রমনা থানার একটি, মির্জা আব্বাস রমনা থানার তিনটি ও শাহবাগ থানার একটি এবং আবদুস সালাম রমনা থানার দুটি মামলায় মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগের ঘটনায় এসব মামলা করে পুলিশ। এই মামলাগুলোতে তাঁরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।
আসামিপক্ষের আইনজীবীরা গতকাল আদালতে বলেন, বিএনপির এই তিন নেতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে থাকা অবস্থায় জামিনের অপব্যবহার করেননি। মামলাগুলোতে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। ওই আবেদন নিষ্পত্তির আদেশ আসামিপক্ষ এখনো পায়নি। তাই উচ্চ আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি শুনানির জন্য রাখা হোক। আসামিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। এ কারণে তাঁরা জামিন পেতে পারেন।
রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু জামিনের বিরোধিতা করে আদালতে বলেন, ৯ মার্চ আপিল বিভাগ আসামিদের জামিন বাতিল করেছেন। এর সপক্ষে তিনি আইনজীবী সনদ আদালতে দাখিল করেন।
শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে বিএনপির এই তিন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, মহসীন মিয়া, জয়নুল আবেদীন ও মাসুদ আহমেদ তালুকদার।
পরীবাগে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ এবং গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে রমনা ও শাহবাগ থানায় এসব মামলা করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে রিজভী আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বলেন, এটি সরকারের প্রতিহিংসাপরায়ণতার বহিঃপ্রকাশ। দেশ, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কথা বলায় তাঁদের বিরুদ্ধে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরকারের এমন দমনপীড়নে তাঁদের দলের ঐক্য আরও সুদৃঢ় হবে। তিনি অবিলম্বে নেতাদের মুক্তির দাবি জানান।