ফখরুলসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে আরও দুই অভিযোগপত্র
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আরও দুটি মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এ নিয়ে মির্জা ফখরুলসহ দলটির নেতাদের বিরুদ্ধে ১২টি মামলার অভিযোগপত্র দেওয়া হলো। আরও ৩৪টি মামলা তদন্তাধীন রয়েছে।
সর্বশেষ গতকাল মঙ্গলবার দেওয়া অভিযোগপত্র দুটিতে মোট ৭৩ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ দুটি অভিযোগপত্র দাখিল করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক দীপক কুমার দাস। গত বছরের ২ মার্চ গাড়ি ভাঙচুর, পুলিশের কর্তব্যকাজে বাধা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে রমনা ও পল্টন থানায় মামলা দুটি করা হয়। মামলার সব আসামি জামিনে আছেন।
এই দুটি মামলায় অভিযোগপত্রভুক্ত অপর আসামিদের মধ্যে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, বরকত উল্লা, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সহ-সম্পাদক সুলতান সালাহউদ্দিন প্রমুখ।
বিএনপির নেতারা মনে করছেন, এ মাসে শুরু হতে যাওয়া সরকারবিরোধী আন্দোলনকে নস্যাৎ করতে রাজনৈতিক উদ্দেশে্য করা মামলাগুলো আবার সচল করার চক্রান্ত করছে সরকার। বিরোধী দলের আন্দোলন মোকাবিলা করতে এটা সরকারের অপকৌশল।
গতকাল দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের ২ মার্চ বেলা তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি মগবাজার যাওয়ার পথে বেইলি রোডে সোনালী ব্যাংক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারের অধিক নেতা-কর্মী মারাত্মক অস্ত্রশস্ত্র, ইটপাটকেল, লাঠিসোঁটা, রড নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় তাঁরা মানুষ ও পুলিশ হত্যার উদ্দেশে্য ককটেলের বিস্ফোরণ ঘটান।
ওই ঘটনার পর পুলিশ ৩৭ জনের নাম উল্লেখ করে দুটি মামলা করে। তবে অভিযোগপত্রে ৭৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় ৪১ জনকে এবং অপর মামলায় ওই ৪১ জনসহ ৭৩ জনকে আসামি করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং পরে ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহতের আন্দোলন চলাকালে রাজধানীতে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ হত্যাসহ নানা অভিযোগে ঢাকার ২২টি থানায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৪৬টি মামলা করে পুলিশ। এর মধ্যে ৩৭টি মামলায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে আসামি করা হয়। এই ৪৬টি মামলায় নাম উল্লেখ করে বিএনপি ও তৎকালীন ১৮-দলীয় জোটের ২৮২ জন নেতাকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামির সংখ্যা কয়েক হাজার।
এর মধ্যে রমনা থানায় করা মামলায় ২০১২ সালের ৯ ডিসেম্বর মির্জা ফখরুলকে প্রথম দফায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্তি পান। এরপর বিভিন্ন মামলায় তাঁকে আরও চারবার গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গতকাল রাতে তিনি দেশে ফিরেছেন।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে গ্রেপ্তার করা ১৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। গতকাল এই শুনানি হওয়ার কথা ছিল। আদালত ২৮ আগস্ট পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও আসামি।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার গতকাল প্রথম আলোকে বলেন, সরকার হামলা-মামলা করে বিরোধী মতকে দমনের চেষ্টা অতীতে করেছে, এখনো করছে। যেসব মামলায় নেতাদের কারাগারে নিচ্ছে, তা একেবারেই ভিত্তিহীন। সরকার বরাবরই বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এ ধরনের অপকৌশল নিয়েছে। তিনি বলেন, মামলা বা হামলা করে বিএনপির আন্দোলন দমানো যাবে না।