ফখরুলসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে শাহজাহানপুর থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ ২৩ নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছে।

গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলায় শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন আসামির পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। সময়ের আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান আগামী ২২ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী এ মামলাটি করেন।