ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি গতকাল বুধবার পেছানো হয়েছে। শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ১৯ এপ্রিল।
আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাত এদিন ধার্য করেন। এ মামলার আসামি মির্জা ফখরুল অন্য মামলায় কারাগারে আছেন। তবে এ মামলায় তিনি জামিনে আছেন। গতকাল তাঁকে কারাগার থেকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন আইনজীবীরা।
মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ১২ ডিসেম্বর মির্জা ফখরুল এক বক্তব্যে কাউকে গাড়ি নিয়ে রাস্তায় বের না হতে হুমকি দেন। ওই দিন কলাবাগানে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে সোনারগাঁও রোড়ে একদল বিএনপি ও জামায়াতের কর্মী গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় কলাবাগান থানার পুলিশ এ মামলা করে।