ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ জনের বিরুদ্ধে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় অভিযোগ গঠনের শুনানি গতকাল রোববার হয়নি। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাত আগামী ১৮ মার্চ নতুন তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তাঁর পক্ষে আইনজীবী জয়নাল আবেদীন সময়ের আবেদন করেন। পরে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ১২ ডিসেম্বর মির্জা ফখরুল এক বক্তব্যে কাউকে গাড়ি নিয়ে রাস্তায় বের না হতে বলেন। এই বক্তব্যের পর ওই দিন কলাবাগান থানাধীন পদ্মা জেনারেল হাসপাতালের সামনে সোনারগাঁও রোডে বিএনপি ও জামায়াতের ৩০-৪০ জন কর্মী পুলিশের কতর্ব্যকাজে বাধা ও ইটপাটকেল নিক্ষেপ করে পথচারীকে আহত করেন। এ ঘটনায় কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ সিকদার মামলা করেন।
এ মামলায় গত বছরের ২০ অক্টোবর মির্জা ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় কলাবাগান থানার পুলিশ।
দুদু কারাগারে: বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গতকাল কারাগারে পাঠিয়েছেন আদালত। মহানগর হাকিম রেজাউল করিম এই আদেশ দেন। ১১ জানুয়ারি মিরপুর থানার পুলিশ দুদুকে গ্রেপ্তার করার পর রিমান্ডে নেয়। রিমান্ড শেষে গতকাল তাঁকে হাজির করা হলে আদালত কারাগারে পাঠান।