ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ জনের বিরুদ্ধে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান গতকাল মঙ্গলবার এদিন ধার্য করেন।
গতকাল এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুল অসুস্থ থাকায় গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে তাঁর পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন সময় চেয়ে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।
আটক মির্জা ফখরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ১২ ডিসেম্বর মির্জা ফখরুল এক বক্তব্যে কাউকে গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার হুমকি দেন।