ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি হয়নি
পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে ২০১২ সালে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৮ মার্চ তারিখ ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাত এ তারিখ ধার্য করেন।
আজ এ মামলার আভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তাঁর পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন সময়ের আবেদন করেন।
২০১২ সালের ১২ ডিসেম্বর মির্জা ফখরুল এক বক্তব্যে কাউকে গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার হুমকি দেন। তাঁর হুমকির পরিপ্রেক্ষিতে ওই দিন কলাবাগান থানাধীন পদ্মা জেনারেল হাসপাতালের সামনে সোনারগাঁও রোডে ৩০-৪০ জন বিএনপি ও জামায়াতের কর্মী পুলিশের কতর্ব্যকাজে বাধা ও ইটপাটকেল নিক্ষেপ করে পথযাত্রীকে আহত করেন। এ ঘটনার দিন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ সিকদার বাদী হয়ে মামলা করেন।
২০১৪ সালের ২০ অক্টোবর মির্জা ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে কলাবাগান থানার পুলিশ।
এদিকে মিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম আজ এ আদেশ দেন।
১১ জানুয়ারি মিরপুর থানার পুলিশ শামসুজ্জামানকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।