ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে আরেক মামলায় অভিযোগপত্র গ্রহণ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কলাবাগান থানার একটি মামলায় দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন এ অভিযোগপত্র গ্রহণ করেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর কলাবাগান থানার সোনারগাঁও সড়কের পদ্মা জেনারেল হাসপাতালের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কলাবাগান থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদার মামলাটি করেছিলেন। গত ২২ অক্টোবর কলাবাগান থানার পুলিশ মির্জা ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
২০১২ সালে বিএনপি ও ১৮ দলীয় জোটের ডাকা বিভিন্ন হরতাল-অবরোধ কর্মসূচিতে গাড়িতে আগুন ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে মির্জা ফখরুলসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ঢাকায় ৭৩টি মামলা হয়। এর মধ্যে এ পর্যন্ত ২২টি মামলায় অভিযোগপত্র দেওয়ার হয়েছে। ইতিমধ্যে ১২টি মামলায় বিচারকাজ শুরু হয়েছে।