গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার কারাগার থেকে মির্জা ফখরুল ও গয়েশ্বর চন্দ্র রায়কে আদালতে হাজির না করায় আদালত ৫ মে নতুন তারিখ ধার্য করেন।
ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ তারিখ ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন পরে সাংবাদিকদের বলেন, মির্জা ফখরুল ও গয়েশ্বর রায় এই মামলায় জামিনে আছেন। অন্য মামলায় তাঁরা কারাগারে আটক আছেন। গতকাল তাঁদের হাজির না করায় তাঁদের পক্ষে আইনজীবীরা শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। আগেও তাঁদের এ মামলায় আদালতে হাজির করা হয়নি।
২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার পুলিশ এ মামলা করে। পুলিশ তদন্ত শেষে মির্জা ফখরুল, মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।