ফখরুলসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১০ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

আজ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

এ মামলার আসামি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ১৬ জন আদালতে উপস্থিত ছিলেন।

হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানা পুলিশ মামলাটি করে। গত বছরের ২৬ মার্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমানসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

এদিকে, মওদুদ আহমদসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে পল্টন থানার পৃথক এক মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন একই আদালত।