মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ বিএনপির ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানার একটি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
গতকাল মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি মির্জা ফখরুল চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় গতকাল তাঁর পক্ষে সময় চেয়ে আবেদন করেন আইনজীবীরা। মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া আবেদন মঞ্জুর করে আগামী ২৬ আগস্ট নতুন তারিখ ধার্য করেন।
২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পল্টন থানার পুলিশ এ মামলা করে। ওই বছরের ২৬ মার্চ এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।