ফখরুলসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি ৩ মার্চ। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই তারিখ ধার্য করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, এই মামলায় অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ও আসামির উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজনের প‌ক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করেন। অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ৩ মার্চ শুনানির দিন ধার্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, বরকতউল্লাহ, শহীদ উদ্দিন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, সুলতান সালাউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে মির্জা আব্বাস ও শহীদ উদ্দিন চৌধুরী অন্য মামলায় করাগারে আটক আছেন। তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির নামে বিএনপি ২০১৩ সালের ২ মার্চ দলের কার্যালয় থেকে মগবাজার পর্যন্ত বি‌ক্ষোভ মিছিল বের করে। মগবাজার থেকে বি‌ক্ষোভ মিছিলটি ফেরার পথে পল্টন এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পল্টন থানার পুলিশ এই মামলা করে। গত বছরের ৩১ এপ্রিল মির্জা ফখরুলসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।