ফখরুলসহ ৪১ নেতা-কর্মীর অভিযোগের শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছেন আদালত। গতকাল সোমবার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী বছরের ১৩ জানুয়ারি তারিখ ধার্য করেন ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন।

গতকাল এ মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে এ মামলায় আটক বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহকে হাজির করা হয়নি। এ ছাড়া আসামিপক্ষে মির্জা আব্বাসসহ কয়েকজন সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ, আবদুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন, সাইফুল ইসলাম, হাবিব-উন নবী খান প্রমুখ।

২০১৩ সালের ২ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল। মিছিল নিয়ে যাওয়ার পথে বেইলি রোডের সোনালী ব্যাংক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় রমনা থানায় মির্জা ফখরুল ইসলামসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।