ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে এক মামলায় শুনানি পিছিয়েছে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। এ বিষয়ে শুনানির জন্য ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আতাউল হক আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ তারিখ ধার্য করেন। এ মামলায় আসামি মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গতকাল আদালতে হাজির করেনি পুলিশ। এ জন্য তাঁদের পক্ষে সময়ের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। আদালত তা মঞ্জুর করেন।
২০১২ সালের ২৯ এপ্রিল বিএনপির নেতৃত্বাধীন জোটের ডাকে হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করে পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে ২০১৪ সালের ২৫ মে মির্জা ফখরুল, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।